২০ বছরের পুরোনো বাস ও মিনিবাসকে ফিটনেস সনদ দেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী ১ নভেম্বর থেকে রংপুর বিভাগে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি। দাবি পূরণে সরকারের কাছে ২৯ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানের ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে নিবন্ধিত প্রায় ৫৬ হাজারের বেশি বড় বাস ও ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অযোগ্য হয়ে পড়বে। অথচ ২০২৪ সালে সারা দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৭৩৬টি, যার মধ্যে মিনিবাস ২২০টি।
পরিবহন মালিকদের দাবি, ফিটনেস সনদ দেওয়ার মাপকাঠি হওয়া উচিত গাড়ির বর্তমান শারীরিক অবস্থা ও কারিগরি সক্ষমতা—বয়স নয়। তারা বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী চেসিস ছাড়া অন্যান্য যন্ত্রাংশ নির্ধারিত ফি জমা দিয়ে বদলানোর সুযোগ রয়েছে। বিআরটিএর বর্তমান সিদ্ধান্ত ওই আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেন তারা।
মালিকপক্ষের যুক্তি, একসঙ্গে বিপুলসংখ্যক বাস বাতিল বা স্ক্র্যাপ করা হলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি হাজার হাজার নতুন বাস আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হবে, যা দেশের রিজার্ভ ও অর্থনীতিতে বাড়তি চাপ ফেলবে। নতুন বাস কেনার বদলে পুরোনো বাসে নতুন যন্ত্রাংশ যুক্ত করে পুনরায় ব্যবহারের উপযোগী করাকে বেশি সাশ্রয়ী বলে মনে করেন তারা।
সংবাদ সম্মেলনে রংপুর অঞ্চলের ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে বলা হয়, রংপুর বিভাগ কৃষিনির্ভর এলাকা। এখানকার পরিবহন মালিকদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা খরচ করে নতুন যানবাহন কেনা আর্থিকভাবে কঠিন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়াল, সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ এবং রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল উপস্থিত ছিলেন।
মালিকপক্ষ স্পষ্ট করেছে, ২৯ অক্টোবরের মধ্যে দাবি পূরণে সুনির্দিষ্ট ঘোষণা না এলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগে সর্বাত্মক ধর্মঘট শুরু হবে।



