চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৬৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। সোনাগুলো ননস্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়েছিল।

বিমানবন্দর জনসংযোগ শাখা ও কাস্টমসের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা মোহাম্মদ কামরুল ইসলামকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস হলে তল্লাশির সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তত্ত্বাবধানে তাঁর ব্যাগেজে থাকা ওই তিনটি সামগ্রী খুলে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার দণ্ড এবং ১০০ গ্রাম ওজনের সোনার চুড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার দাম আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।

উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান আইনে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তরের কাজ চলছে বলে জানিয়েছে কাস্টমস।