নাটোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ হচ্ছে ১০০ শয্যার হিসাব ধরে—অথচ প্রতিদিন প্রায় ৯০০ রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন। রোববার সকালে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে গিয়ে এই চিত্র তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পরিদর্শন শেষে তিনি বলেন, সকাল আটটার মধ্যে চিকিৎসক ও কর্মীদের কর্মস্থলে থাকার কথা। কিন্তু সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত অপেক্ষা করেও অনেককে পাওয়া যায়নি। এ অবস্থায় অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে; প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থাও নেওয়া হবে।
হুইপ বলেন, সরকারি বেতন ও সুযোগ-সুবিধা নেওয়ার পরও নির্ধারিত সময়ে রোগীদের সেবা না দেওয়া গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
হাসপাতালের খাবারের বরাদ্দ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, প্রায় ৯০০ রোগীর বিপরীতে ১০০ জনের খাবারের বরাদ্দ রয়েছে; অনেক রোগী খাবার না পাওয়ার অভিযোগ করেছেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।
হাসপাতালের বাথরুমের অপরিচ্ছন্নতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরিদর্শনের সময় নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমানসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



