প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার দুপুরে আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। ইউএনবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশের এলাকা বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল; এই উদ্যোগে পরিবেশ উন্নয়ন এবং মহাসড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্য রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, সাভার সেনানিবাস থেকে ঢাকায় ফেরার পথে আমিনবাজারে চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এর আগে একই দিনে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।