রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে তিনি আকস্মিকভাবে কোয়ার্টারটি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী আবাসিক এলাকার রাস্তা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরিচ্ছন্নতার ঘাটতি দেখে কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করার কথা সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

একই দিন সকাল থেকে সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩টি স্থান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাতও ছিল; সেখানে পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।