২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১৭ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এরপর ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে।

পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিলম্ব ফি ছাড়া আবেদনকারীদের ফি জমা দিতে হবে ২৪ নভেম্বরের মধ্যে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদনকারীদের জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

নিয়মিত পরীক্ষার্থীদের মোট ফি নির্ধারণ করা হয়েছে– বিজ্ঞান শাখায় ২,৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ২,৩১৫ টাকা।

বোর্ড বলেছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডগুলো রমজান ও ঈদুল ফিতরের পর আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। ১৬ নভেম্বর থেকে সব শিক্ষা বোর্ডে একযোগে ফরম পূরণ শুরুর পরিকল্পনা রয়েছে।