নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস 'হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড' পেয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন। বাসসের বরাতে খবরটি প্রকাশ করেছে প্রথম আলো।
অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূতসহ উদ্যোক্তা, শিক্ষক ও গবেষক মিলিয়ে প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকেরা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালি দেন।
এ বছর মোট চারজন এই সম্মাননা পেয়েছেন। অন্যরা হলেন ভারতের সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশনের (সেওয়া) পরিচালক রিমা নানাবতী, টোরি বার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টোরি বার্চ এবং জর্ডানের মাইক্রোফান্ড ফর উইমেনের বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান।
হিলারি ক্লিনটন বলেন, তিনি নিজে গ্রামীণ ব্যাংকের কাজ দেখেছেন এবং দেখেছেন কীভাবে নারীরা স্বাবলম্বী হয়েছেন। পুরস্কার গ্রহণ করে ড. ইউনূস বলেন, এটি তাঁদের ৫০ বছরের কাজের স্বীকৃতি। তিনি জানান, চলতি বছরের মধ্যেই গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু হবে।



