টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বৃহস্পতিবার একটি গাড়ি দেখিয়েছেন, যাকে তিনি 'উড়ন্ত' গাড়ি বলছেন। টেক্সাসে তাঁর রকেট কোম্পানি স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠানটি হয় এবং টেসলার এক্স অ্যাকাউন্টে সরাসরি দেখানো হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে খবরটি প্রকাশ করেছে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

প্রদর্শনীতে নতুন রোডস্টার স্পোর্টস কারটি একটি খাড়া র‍্যাম্প থেকে উঠে আবার চাকার ওপর নামে। মাস্ক জানান, গাড়িতে 'অতি উচ্চচাপের এয়ার ট্যাংক' আছে, যা দিয়ে এটি নিজেকে বাতাসে তুলতে পারে।

মাস্ক বলেন, 'ফ্লাইং কার এখন বাস্তব।' তবে একই সঙ্গে স্বীকার করেন, এর সাফল্যের নিশ্চয়তা নেই, যদিও 'সম্ভবত এটি কাজ করবে'। তাঁর ভাষ্য, গাড়িটির উৎপাদন শুরু হবে ২০২৮ সালে।

প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক বাধার কারণে উড়ন্ত গাড়ির শিল্প এখনো বাস্তবে দাঁড়াতে পারেনি। ১৯১৭ সালে মার্কিন বিমান-পথিকৃৎ গ্লেন কার্টিস প্রথম উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ দেখিয়েছিলেন।