যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থকে সবার আগে রাখতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘যুব ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান বিতরণ’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, অনুষ্ঠানে ১৫ জন তরুণ ভলান্টিয়ার ও যুবসংগঠনের প্রতিনিধিকে ‘যুব ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৪৩২টি যুবসংগঠনকে কার্যক্রম সম্প্রসারণে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট ও বাংলাদেশ ফর অল—এটাই সবার লক্ষ্য হওয়া উচিত। এরকম একটি বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের বহু তরুণ স্বেচ্ছায় জনকল্যাণে কাজ করছেন এবং বিপদের সময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

তিনি মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে বলেন, প্রবীণরা প্রজ্ঞা ও পরামর্শ দিয়েছেন, আর মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণরা। তরুণদের শক্তি, সাহস ও উদ্ভাবনী চিন্তা জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

যুব উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে ফান্ডের আকার আরও বাড়ানো হবে।’ তিনি বলেন, তরুণদের প্রতিভা ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগানো গেলে দেশ দ্রুত এগিয়ে যাবে।

কার্যক্রমে তিনজন পুরস্কারপ্রাপ্ত তাঁদের স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা তুলে ধরেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪ জেলার যুব ভলান্টিয়াররা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সাংবাদিকদের এসব তথ্য জানান।