রোমের জেমেলি হাসপাতালে ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচারের চার দিন পর শনিবার হাসপাতাল ছেড়ে ভ্যাটিকানে ফিরেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ৭১ বছর বয়সী পোপ নিজেই হেঁটে হাসপাতাল থেকে বের হন; তখন উপস্থিত অনুরাগীরা করতালি দেন।
চিকিৎসক লুইজি কার্বনে ও স্টেফানো মারগারিতোরার বিবৃতিতে বলা হয়েছে, রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে ও সামগ্রিক শারীরিক অবস্থা বিবেচনায় পোপকে ‘ছাড়পত্র দেওয়ার উপযুক্ত’ মনে করা হয়েছে। ভ্যাটিকান এই বিবৃতি প্রকাশ করেছে।
গত মঙ্গলবার পোপের ডান ফুসফুসের একটি অংশ কেটে বাদ দেওয়া হয়। পরে নিশ্চিত হয়, তিনি ফুসফুসের সবচেয়ে সাধারণ ক্যান্সার ‘অ্যাডেনোকার্সিনোমা’য় আক্রান্ত ছিলেন। তার আগের সপ্তাহে সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় তিনি নিজেই ফুসফুসে ছোট একটি গিঁট শনাক্তের কথা জানিয়েছিলেন।
ভ্যাটিকান জানিয়েছে, রোববার পোপের বাসভবনের জানালা থেকে অ্যাঞ্জেলাস প্রার্থনায় অংশ নেবেন পোপ।
তবে ক্যান্সার শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না এবং ভবিষ্যতে আরও চিকিৎসা লাগবে কি না, তা নিশ্চিত হতে চিকিৎসকেরা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন। তাঁদের ভাষ্য, অস্ত্রোপচারের পর পোপের সুস্থতা স্বাভাবিকভাবে এগোচ্ছে।
বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, হাসপাতাল ছাড়ার আগে পোপ তার সার্জন ড. স্টেফানো মারগারিতোরার সঙ্গে হাসপাতালের রোগীদের সঙ্গে দেখা করেন এবং বাইরে অপেক্ষারত ভক্তদের দিকে হাত নাড়েন। এ সময় ক্যান্সার জয় করা ১৩ বছর বয়সী এক ইউক্রেনীয় কিশোরী তাঁকে হাতে তৈরি একটি পোপ-পুতুল উপহার দিলে তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ান।
হাসপাতালে থাকার সময়ও পোপ কাজ করেছেন। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। পোপের সার্জন জানিয়েছেন, আগামী ৬–১৭ নভেম্বরের লাতিন আমেরিকা সফরে যেতে কোনও চিকিৎসাজনিত বাধা নেই এবং আরও ১০ দিনের মাথায় তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।



