আগামী ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত একটি জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ওই জাপানি প্রতিনিধিদলটি এখন ঢাকায় অবস্থান করছে। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তারা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী; অবকাঠামো, যোগাযোগ ও বিনিয়োগ খাতে দেশটির ভূমিকা উল্লেখযোগ্য। প্রতিনিধিদলের এই সফর ও প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ঘিরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।



