ইরাকের রাজধানী বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিম এশিয়ার সংকট নিরসনে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তার বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পশ্চিম এশিয়ায় চলমান এই সংঘাত বিশ্বশান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে এবং জ্বালানি সরবরাহে ধাক্কা দিচ্ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে হুমায়ুন কবির ওআইসি সদস্যদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের পথ তৈরি করতে সদস্য রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং ফেরত পাঠানোর অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে সংকটের টেকসই সমাধানে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। পাশাপাশি বিশ্বজুড়ে বাড়তে থাকা ইসলামভীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব সদস্য রাষ্ট্রকে সমন্বিতভাবে তা মোকাবিলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ওআইসিকে আরও শক্তিশালী, আধুনিক ও গতিশীল করতে সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।