টানা দুই বছরের বেশি সময় শূন্য থাকার পর তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে এ পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সালের তথ্য অধিকার আইনের ১৫(১) ধারায় রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন। প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ওই বছরের সেপ্টেম্বরে তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম পদত্যাগ করেন। এরপর আরেক কমিশনার মাসুদা ভাট্টিকেও বাদ দেওয়া হয়। এরপর দুই বছর ধরে প্রধান তথ্য কমিশনার ও কমিশনার কেউই নিয়োগ পাননি; কার্যত অচল হয়ে পড়েছিল তথ্য কমিশন।
ফলে তথ্য না পাওয়ার অভিযোগ জমতে থাকলেও তা নিষ্পত্তি হচ্ছিল না। তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রকাশনাও প্রায় বন্ধ ছিল। নতুন নিয়োগের মধ্য দিয়ে সেই কার্যক্রম আবার সচল হওয়ার পথ খুলল।



