পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১৭ অক্টোবর) রাঙামাটি জেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন মন্দিরে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। এ জন্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, প্রকল্পে অনুন্নত ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, টেকসই সামাজিক নিরাপত্তা, দূরবর্তী এলাকায় সুপেয় পানির নিশ্চয়তা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার, উন্নত স্যানিটেশন ও কৃষির আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায় মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে থাকলে উন্নয়নকাজ সহজ হয় বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে জীবনযাত্রার মানোন্নয়নে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরের জন্য মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



