ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বলেছেন, কার্ডটি মায়েদের নামে ছাড়া হচ্ছে, ফলে স্বামীরা এখন নিজের ইচ্ছেমতো তালাক দিয়ে ভাতা নিতে পারছেন না। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) ফ্যামিলি কার্ড দিয়েছেন মায়েদের। মায়েদের শক্তিশালী করেছেন। মায়েদের নামে হবে (ফ্যামিলি কার্ড)। মায়েরাই এই সুফল ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।’
তিনি আরও বলেন, ‘এখন জামাইয়ের (স্বামী) ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। ভালো না মন্দ কাজ? যদি ভালো হয় আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।’ একই অনুষ্ঠানে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। জেলা আইনশৃঙ্খলা সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন চিফ হুইপ নুরুল ইসলাম।



