শারদীয় দুর্গাপূজা দেশজুড়ে চলছে। শনিবার মহাসপ্তমীর মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে; রাজধানীসহ বিভিন্ন জেলার মণ্ডপে ভক্তদের ভিড় বাড়ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাবে এবার দেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে। রাজধানীতে ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

নিরাপত্তার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ১২ হাজার ১১৮ সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে আটজন এবং অন্য মণ্ডপে ছয়জন করে সদস্য রাখা হয়েছে। এছাড়া দ্রুত সাড়া দেওয়ার জন্য ১০৪টি স্ট্রাইকিং টিম প্রস্তুত আছে।

সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দিতে বিজিবি ১৮টি বেস ক্যাম্প করেছে এবং টহল জোরদার করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসেন শনিবার নরসিংদীর মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে এবং শান্তিপূর্ণ পূজার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা রাখছে।

মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সরকার ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের বিরতি পাওয়া যাবে।

বিজয়া দশমী ২১ অক্টোবর। পূজা উদযাপন পরিষদের ঘোষণা অনুযায়ী, ওই দিন বিকেল তিনটায় দেশজুড়ে প্রতিমা বিসর্জনের মিছিল হবে।