শ্রীলঙ্কায় শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। জাতীয় গ্রিডে ত্রুটির কারণে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর দুপুর থেকে ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে থাকে এবং সন্ধ্যা নাগাদ সঞ্চালন ব্যবস্থা পুরোপুরি সচল হয়।
শ্রীলঙ্কার জাতীয় সিস্টেম অপারেটর (এনএসও) জানিয়েছে, সঞ্চালন নেটওয়ার্কে অস্থিরতার কারণে বিদ্যুৎ ব্যবস্থার সম্পূর্ণ বিপর্যয় ঘটে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা দেশে গ্রিডের বিদ্যুৎ ছিল না। এর আগে পিটিআই জানিয়েছিল, বিভ্রাট তিন ঘণ্টার বেশি সময় ধরে চলছিল।
বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ, ইন্টারনেট ও মোবাইল সংযোগে বিঘ্ন ঘটে। পানিসংস্থা নাগরিকদের পানি অপচয় না করার আহ্বান জানায়, কারণ বিদ্যুৎ বিভ্রাট পানির সরবরাহকেও প্রভাবিত করতে পারে।
বিভ্রাটের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। কর্তৃপক্ষের ধারণা, সপ্তাহান্তের ছুটির দিনে চাহিদা কম থাকার সময় সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয়ে যাওয়ায় গ্রিডে ভারসাম্য নষ্ট হতে পারে। জ্বালানিমন্ত্রী অনুরা করুনাথিলাকা বলেছেন, শুক্রবার মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকার একটি হাইড্রো বিদ্যুৎকেন্দ্রে ধরা পড়া ত্রুটিও বিভ্রাটের কারণ হতে পারে।
তবে পরে এনএসও বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার খবর অস্বীকার করে জানায়, সচল হাইড্রো বিদ্যুৎকেন্দ্রগুলো গ্রিড পুনরুদ্ধারের কাজে চালু রয়েছে।
বিদ্যুৎ প্রত্যাবর্তন দ্রুত করতে কর্তৃপক্ষ ছাদের সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিস্টেম বিচ্ছিন্ন রাখতে অনুরোধ করে। জ্বালানিমন্ত্রী বলেছিলেন, ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও সৌরবিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়িয়ে যাওয়ায় দেশের পুরো গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল; সেবার সরবরাহ স্বাভাবিক করতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছিল। শ্রীলঙ্কার স্থাপিত সৌরবিদ্যুৎ সক্ষমতা এখন তিন হাজার মেগাওয়াটের কিছু বেশি, আর দিনের বেলায় চাহিদা দুই হাজার থেকে দুই হাজার ৫০০ মেগাওয়াট। সরকার আগামী তিন বছরে সৌর সক্ষমতা প্রায় চার হাজার ৪০০ মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য নিয়েছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৫১ মিনিটের দিকে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধারের কথা জানায় জাতীয় সিস্টেম অপারেটর। কর্তৃপক্ষ বলছে, সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে।



