আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা (আবাসস্থল) পরিবর্তন বা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। শনিবার নির্বাচন কমিশনের (ইসি) দুটি নির্দেশনায় এ সময়সূচি জানানো হয়।
ইসি জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মগ্রহণকারীদের মধ্যে যাঁরা ৩১ অক্টোবর পর্যন্ত ইসির ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া স্থানান্তরের আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
ইসির সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানোর কাজ শেষ করতে হবে এবং ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি, তথ্যের ভুলত্রুটি বা আপত্তি জানিয়ে সংশোধনের আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর এবং হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।
নির্দেশনায় বলা হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে এবং ভুলত্রুটি সংশোধনে আবেদন করতে জনগণকে আহ্বান জানাতে হবে। এ জন্য মসজিদ-মন্দিরসহ উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা এবং স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া প্রয়োজন; তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের জন্য ভোটার এলাকা স্থানান্তরের সময়সীমাটি গুরুত্বপূর্ণ। এর আগে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ইসি; ভোট শুরু হবে আগামী ২৭ জানুয়ারি।



