ফ্যামিলি কার্ড কর্মসূচিতে সুবিধাভোগী নির্বাচন বা তথ্য সংগ্রহে কোনো অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কার্ড পেতে কারও কাছে তদবির করার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী যা বলেন তা তিনি বাস্তবায়নও করেন।
সরকারিভাবে প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন এবং যাচাই-বাছাইয়ের পর প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে বলে জানান তিনি। এ কারণে ফ্যামিলি কার্ড পেতে কারও কাছে তদবির করার দরকার নেই।
সতর্ক করে তিনি বলেন, কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে তা দেওয়া যাবে না। তথ্য সংগ্রহ সম্পূর্ণ বিনা মূল্যে হয়; এ ধরনের অনিয়মের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ২ হাজার ৫০০ টাকা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পাবেন। এই অর্থ দিয়ে নারীরা চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
তথ্য সংগ্রহের সময় যেন কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।



