সাধারণ শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্কের বাইরে বেরিয়ে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে ওমানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে ওমানের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা বিন আলী আল হারিসির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকটি ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের সভার ফাঁকে অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, দক্ষ জনশক্তি পাঠানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

বৈঠকে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়—যাতে দুই দেশের সম্পর্ক আরও বাস্তবভিত্তিক হয়।