রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে হাসপাতালটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনের একপর্যায়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন তিনি।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় তিনি হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। ওই দিন তিনি রাজধানীর একাধিক হাসপাতাল ও সরকারি স্থাপনাও পরিদর্শন করেন।
বরখাস্তের ঘটনার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



