বন্ড ও ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধায় আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি এবং যন্ত্রপাতি আমদানিতে অনিয়মের মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
রোববার (১৮ অক্টোবর) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইআইডির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ। তিনি বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মোট রাজস্ব ফাঁকির পরিমাণ নিরূপণ এবং অধিকতর তদন্ত চলছে।
প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, উইলিয়ামস সোয়েটার্স চীন ও ভারত থেকে বন্ড ও এফওসি সুবিধায় তিনটি বিল অব এন্ট্রির মাধ্যমে ৩৭ দশমিক ০৮ টন কাঁচামাল আমদানি করেছে, যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা। এর বিপরীতে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার শুল্ক-কর ফাঁকি হয়েছে।
অভিযোগ রয়েছে, এই কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রপ্তানি কাজে ব্যবহার না করে স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে। বন্ড সুবিধার আওতায় আমদানি করা পণ্য নির্দিষ্ট শর্তে রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার করার কথা। সরেজমিন তদন্তে বন্ড রেজিস্টার খুঁজে পাওয়া যায়নি এবং আমদানি-রপ্তানির তথ্য দিতে না পারায় কাঁচামালের প্রকৃত অবস্থান ও ব্যবহারও স্পষ্ট হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫২৫টি মেশিনারিজ ১ শতাংশ হারে সুবিধাজনক শুল্কে আমদানি করা হলেও তদন্তে সেগুলো খুঁজে পাওয়া যায়নি। এতে আনুমানিক ১১ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। মোট প্রায় ১৩ কোটি টাকার হিসাবের বড় অংশই যন্ত্রপাতি আমদানি-সংশ্লিষ্ট।
তদন্ত শেষে রাজস্ব ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অভিযোগের বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ জানা যাবে বলে জানিয়েছেন সিআইআইডির কর্মকর্তারা।



