জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন।

রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আপিলটি দায়ের করা হয়।

গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন যে, গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে। রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। গত ১২ অক্টোবর হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার দুটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ওই ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।

পরে নতুন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠানো হয়। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষে পুনর্মূল্যায়নের পর প্রদেয় কর দাবি ঘিরে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করেছিল। প্রাথমিক শুনানিতে আদালত রুল জারি করলেও নতুন বেঞ্চ রুল খারিজ করে রায় দেন।

রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ ওই অর্থ গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায় করতে পারবে এনবিআর বলে জানিয়েছেন আইনজীবীরা।