জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে চালক মামুনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হক এ আদেশ দেন। এরপর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আওলাদ হুসাইন গত ৩০ সেপ্টেম্বর তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে এবং আসামিপক্ষ এর বিরুদ্ধে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনের সময় মামুনসহ কয়েকজন যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। মামুনের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে এবং বাঁ চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে এবং ১৫ আগস্ট নিকুঞ্জ এলাকা থেকে পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁরা বিভিন্ন মামলায় কারাগারে আছেন।