স্পেনের অন্যতম বড় সাহিত্যপুরস্কার ‘প্রিমিও প্লানেতা’ জিতেছেন চিলি-আমেরিকান লেখক ইসাবেল আয়েন্দে। পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ ইউরো, যা দুনিয়ার সবচেয়ে বেশি অর্থমূল্যের সাহিত্যপুরস্কারগুলোর একটি।
৮৪ বছর বয়সী আয়েন্দে ১৯৮২ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’-এর পরবর্তী কাহিনি নিয়ে লেখা ‘লা ওরা আন্তেস দেল আলবা’ উপন্যাসের জন্য এ পুরস্কার পান। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার উপস্থিতিতে বার্সেলোনায় পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আয়েন্দে ‘লুজ ভেনতুরা’ ছদ্মনামে পাণ্ডুলিপিটি জমা দিয়েছিলেন। পুরস্কারজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি তাঁর কাছে ‘নোবেল জেতার মতো’। আগে কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সবার শেষে থাকার বিব্রতকর অভিজ্ঞতা এড়াতে চেয়েছিলেন; এই বয়সে এসে তাঁর হারানোরও তেমন কিছু নেই।
নতুন উপন্যাসে ফিরে আসে ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’-এর চরিত্ররা। কাহিনিটির কেন্দ্রে থাকেন এস্তেবান ত্রুয়েবা ও ক্লারা দেল ভাইয়ের নাতনি আলবা, যিনি পিনোশের একনায়কত্বের সময় বন্দি ও নির্যাতনের অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। আয়েন্দের ভাষ্য অনুযায়ী, এই উপন্যাসের মধ্য দিয়ে ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’-এর জগতের পরিসমাপ্তি ঘটবে।
১৯৭৩ সালে চিলিতে সামরিক অভ্যুত্থানের পর দেশ ছাড়তে বাধ্য হন আয়েন্দে। ওই অভ্যুত্থানে উৎখাত হন প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দে, যিনি লেখকের বাবার চাচাতো ভাই ছিলেন। পিনোশের শাসনামলে প্রায় ৪০ হাজার মানুষ নির্যাতনের শিকার হন এবং তিন হাজারের বেশি মানুষ নিহত হন।
আয়েন্দে বলেন, ‘আজ যখন দেখি অনেক গণতন্ত্র কর্তৃত্ববাদ, উগ্র জাতীয়তাবাদ ও এমনকি ফ্যাসিবাদের হুমকির মুখে, তখন আমি আবার সেই ভয় অনুভব করি, যা আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল।’
আয়েন্দের বই বিশ্বজুড়ে আট কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। এবার দ্বিতীয় স্থান পান স্পেনের লেখক ও চিত্রনাট্যকার সের্হিও এরনান্দেস; তাঁর ঐতিহাসিক উপন্যাস ‘লা আনিওরানসা’ ২ লাখ ইউরো পুরস্কার পায়।
স্পেনের বড় প্রকাশনা গোষ্ঠী প্লানেতা এই পুরস্কার পরিচালনা করে; শর্ত অনুযায়ী বিজয়ী বইটি তাদেরই প্রকাশ করতে হয়। এত দিন আয়েন্দের বই প্রকাশ করত পেঙ্গুইন র্যান্ডম হাউসের প্রতিষ্ঠান প্লাজা অ্যান্ড জানেস। ২০২১ সালে ‘কারমেন মোলা’ ছদ্মনামে পুরস্কার পাওয়া ‘লা বেস্তিয়া’ পরে প্রকাশ পায় যে তিনজন পুরুষ লেখকের যৌথ ছদ্মনাম ছিল, যা নিয়ে বিতর্ক হয়েছিল।



