কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড় এবং দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের একটি প্রক্রিয়া চালুর বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ইরাক। শনিবার (১৭ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে এই স্মারক দুটিতে সই হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইন স্মারক দুটিতে সই করেন।
একটি সমঝোতা স্মারকে দুই দেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পরস্পরের ভিসার শর্ত মওকুফে সম্মত হয়েছে। অপরটিতে দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের কার্যক্রম চালুর প্রক্রিয়া ধরা হয়েছে।
সই অনুষ্ঠানে দুই মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসব সমঝোতা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।



