২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নে দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের জন্য ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বরাদ্দটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পরিবহন উন্নয়ন সহায়তা খাতের।
গত ১৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-২ শাখার জারি করা এক চিঠিতে এ বরাদ্দের তথ্য দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অর্থ ছাড়ের বিলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাল্টা স্বাক্ষর থাকতে হবে এবং তা উপজেলা হিসাব কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর আর্থিক বিধিমালা অনুযায়ী বিলের অর্থ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে যাবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা যৌথভাবে অর্থ উত্তোলন করবেন এবং ব্যয়ের হিসাব সংরক্ষণ করবেন। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২১ ও সরকারি ক্রয় বিধিমালা-২০০৮ মেনে এই অর্থ ব্যয় করতে হবে।
চিঠিতে সতর্ক করা হয়েছে, অর্থ ছাড়ের বিলে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে তা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।
বরাদ্দ ছাড় ও ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠিটি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাব কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।



