তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান। শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ দেয়।

একই প্রজ্ঞাপনে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা সরকার নির্ধারণ করবে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন প্রধান তথ্য কমিশনার ও দুজন কমিশনার। সাক্ষাৎকালে তাঁরা জনগণের তথ্য পাওয়ার অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

২০০৯ সালের তথ্য অধিকার আইনের আওতায় গঠিত তথ্য কমিশন নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং সরকারি দপ্তরগুলোর জবাবদিহি নিশ্চিত করার কাজ করে থাকে।