গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আলাদা অভিযান চালিয়েছে ঢাকা কাস্টমস হাউস। এসব অভিযানে সোনা ও স্বর্ণালংকার, মদ, সিগারেট, ই-সিগারেট, নিষিদ্ধ স্কিন-হোয়াইটেনিং ক্রিম, মোবাইল ফোন, ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জব্দ হওয়া সোনা ও স্বর্ণালংকারের দাম প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকা। এ ছাড়া জব্দ হয়েছে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি করা নিষিদ্ধ স্কিন-হোয়াইটেনিং ক্রিম, ৯২টি মোবাইল ফোন ও ৩১৫ কেজি ওষুধ।

অভিযানগুলোর সময় যাত্রীদের অনুমোদিত ব্যাগেজসীমার বাইরে আনা বাণিজ্যিক পণ্যের ওপর শুল্ক ও কর বাবদ ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা আদায় করা হয়েছে।

এনবিআরের ভাষ্য, জনস্বাস্থ্য রক্ষা, ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধের লক্ষ্যেই এসব অভিযান চালানো হয়েছে। ঢাকা কাস্টমস হাউস এনবিআরের অধীনে অভিযানগুলো পরিচালনা করে।