হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এবং মালামাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর অংশ হিসেবে বিমানবন্দরের আটটি মালামাল বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ১৮টি মনিটর বসানো হয়েছে। শনিবার বেবিচকের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই ব্যবস্থায় বিমানবন্দরে নামার পর যাত্রীরা সরাসরি মালামাল পরিচালনার পুরো প্রক্রিয়া দেখতে পারবেন। বেবিচকের এক কর্মকর্তা জানান, ৬৫ ইঞ্চি আকারের মনিটরগুলোতে বিমান থেকে মালামাল নামানো, নির্ধারিত স্থানে নেওয়া, বাছাই করা এবং বেল্টে তুলে সংগ্রহের জন্য রাখার পুরো প্রক্রিয়ার ভিডিও দেখা যাবে।
কর্তৃপক্ষের আশা, এতে যাত্রীরা তাঁদের মালামাল কীভাবে পরিচালিত হচ্ছে তা স্পষ্টভাবে জানতে পারবেন এবং সংগ্রহের বিভিন্ন ধাপে তথ্য পাবেন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা মালামাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াবে বলে বেবিচক মনে করছে।
বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষা, নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর ব্যবস্থাপনার উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী কর্মীসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন ঝামেলা ছাড়া মালামাল সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর যাত্রীবান্ধব সেবা বাড়ানোর কাজ চলবে।



