ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে পুণ্যার্থীদের ওপর একটি নিয়ন্ত্রণহীন ট্রাক উঠে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১৮ অক্টোবর) ভোররাতে দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, ভোর দেড়টার দিকে ছিনোরের দিক থেকে আসা ধানবোঝাই ট্রাকটি খাড়া ঢালু একটি সড়কে নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচল নিষিদ্ধ ওই সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে ট্রাকটি নিচে নেমে এসে পুণ্যার্থীদের ওপর দিয়ে চলে যায় এবং মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন এবং পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান বলেন, নবরাত্রি উপলক্ষে ওই সড়কে পুলিশের চেকপোস্ট ও প্রতিবন্ধক বসানো ছিল। গাড়িটি কীভাবে সেগুলো ভেঙে ভেতরে ঢুকল এবং এতে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দল কাজ করছে।

তবে নিহতের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমের তথ্যে তারতম্য আছে। কোনো কোনো ভারতীয় সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১৩ জন এবং আহতের সংখ্যা ২৬ জন বলা হয়েছে। প্রকৃত সংখ্যা নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাই ছিল।