অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। শনিবার (১৭ অক্টোবর) তায়বেহ গ্রামের কাছে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ পরিদর্শনে গেলে তাদের বহরের ওপর এ হামলা হয়।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট জানিয়েছেন, হামলার শিকার প্রতিনিধিদলে ছিলেন বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক, ক্যাথলিক সম্প্রদায়ের প্রতিনিধি এবং ফ্রান্সের এক মেয়র। তিনি বলেন, হামলায় বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত মেয়রের নাম বের্নার বোদু (৭৮)। ফ্রান্সের উত্তরাঞ্চলের অলনোয়া-এমারি শহরের এই মেয়র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, মুখোশধারী বসতি স্থাপনকারীরা ফ্রান্স নিয়ে কটূক্তি করে এবং তাঁকে লাথি মেরে ও লোহার রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। তিনি জানান, তাঁর আঘাত গুরুতর নয়।
একদিন আগে পশ্চিম তীরে দায়িত্ব পালনকালে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন। তাঁর মেরুদণ্ডে চিড় ধরে বলে জানা গেছে।
ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার ‘দাঙ্গাকারীদের’ হামলার নিন্দা জানান এবং ইসরায়েলি পুলিশ তদন্তের কথা বলে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, কূটনীতিকদের এই সফর তাদের সঙ্গে সমন্বয় করা হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অবশ্য বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ‘কুৎসা প্রচারণার’ অভিযোগ তুলেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের আগে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এসব ঘটনায় ওয়াশিংটন ‘খুবই উদ্বিগ্ন’। মানবাধিকার সংস্থা ‘ইয়েশ দিন’-এর হিসাবে গত ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলা হয়েছে।
আন্তর্জাতিক আইনে অবৈধ পশ্চিম তীরের বসতিতে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি থাকেন; সেখানে ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৩০ লাখ। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচন।



