আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সময়সূচি জানানো হয়েছে।
ইসি'র প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ৫ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ এসব আবেদন নিষ্পত্তি করবে ২৩ নভেম্বরের মধ্যে এবং গৃহীত সিদ্ধান্ত ২৪ নভেম্বর তালিকায় সন্নিবেশ করা হবে। পরদিন ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
ইসি জানিয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনে আবেদন করার আহ্বান জানিয়ে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম-পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের সহায়তায় তা জনস্বার্থে প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া তালিকায় পুরুষ তালিকার মধ্যে নারী ভোটার বা নারী তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্ত থাকলে এবং ধর্মসংক্রান্ত তথ্যসহ অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের সময় নির্ধারণের প্রক্রিয়া ইসি চালিয়ে যাচ্ছে।



