উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কষ্টার্জিত করের অর্থ; তাই প্রকল্পের কাজ ঠিকভাবে হচ্ছে কি না, তা স্থানীয় মানুষেরও নজরদারি করা দরকার।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩ নম্বর দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক বা অন্য কোনো অবকাঠামো নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পেলে দায়ী ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানাতে হবে। কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি।
জনপ্রতিনিধিদের একার পক্ষে এলাকার সব সমস্যার সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ জন্য সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। জনগণের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দায়িত্ব পালনে সহায়তা করে; নাগরিকেরা ভুলত্রুটি ধরিয়ে না দিলে জনপ্রতিনিধিরা ভুল পথে পরিচালিত হতে পারেন।
প্রশাসনিক স্বচ্ছতা প্রসঙ্গে তিনি জানান, ঢাকায় সাব-রেজিস্ট্রারদের বদলিতে বিতর্কিত প্রথা বাদ দিয়ে সম্পূর্ণ লটারি পদ্ধতি চালু করা হয়েছে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করাই এর উদ্দেশ্য।
মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, ঝিনাইদহের শৈলকূপায় ‘শূন্য সহনশীলতা’ নীতি নেওয়া হয়েছে। অপরাধীর দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে; রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তদন্ত বা বিচারেও প্রভাব খাটানোর চেষ্টা বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও সংঘবদ্ধ হয়রানির মতো ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কেউ যেন অন্যায়ের শিকার না হন এবং কেউ যেন অপরাধ বা দুর্নীতির পক্ষে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে।
উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সম্প্রতি শৈলকূপার আরও প্রায় ৩৯৫টি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক তালিকায় যুক্ত হয়েছে। এ ছাড়া শিক্ষা, আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক আলাদা উপকমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ বছরে শৈলকূপার যোগাযোগ ব্যবস্থার বড় উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



