প্রায় এক শ বছর আগে ফ্রান্সের এক প্রাসাদ থেকে চুরি যাওয়া দুর্লভ একটি গোলাপি হীরা আবার জনসাধারণের সামনে আসছে। ‘গ্র্যান্ড কঁদে’ নামের নয় ক্যারেটের নাশপাতি আকৃতির এই হীরাটি প্যারিসের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে শাঁতো দ্য শঁতিয়ির কঁদে জাদুঘরে প্রদর্শিত হবে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
১৯২৬ সালের অক্টোবরে শাঁতো দ্য শঁতিয়ি প্রাসাদে রাতের আঁধারে চুরি হয় হীরাটি। চোরেরা সেটি লুকিয়ে রেখেছিল একটি ফাঁকা করা আপেলের ভেতরে। কয়েক সপ্তাহ পর চোরেরা যে হোটেলে উঠেছিল, সেখানকার এক ক্ষুধার্ত গৃহকর্মী সেই আপেলে কামড় দিলে বেরিয়ে পড়ে হীরাটি এবং সেটি উদ্ধার হয়।
ফরাসি বিপ্লবের পরও টিকে থাকা রাজকীয় রত্নগুলোর মধ্যে অন্যতম এই হীরা। ১৭৪০ সালে কঁদে রাজকুমার লুই অঁরি দ্য বুরবোঁর মৃত্যুর পর সম্পদের তালিকায় প্রথমবার হীরাটির উল্লেখ পাওয়া যায়। পরে তা ফ্রান্সের রাজা লুই ফিলিপ প্রথমের স্ত্রী রানি মারি-আমেলির সংগ্রহে আসে এবং এরপর যায় তাঁর ছেলে অঁরি দ্য অরলিয়ঁ, ডিউক অব অমালের হাতে। ডিউক অব অমালে হীরাটি ইনস্টিটিউ দ্য ফ্রঁসকে দান করেন; প্রতিষ্ঠানটিই এখন শাঁতো দ্য শঁতিয়ির মালিক।
জাদুঘরের পরিচালক ম্যাথিউ দেলদিক বলেছেন, আপেলের ভেতরে হীরা লুকিয়ে রাখার ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সে সময়ের সংবাদপত্রে তা ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল। গত এক বছরে ইউরোপের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনার প্রেক্ষাপটে হীরাটি প্রদর্শনীতে রাখার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ কি না, এমন প্রশ্নও উঠেছে। তবে হীরাটিকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য বিস্তৃত গবেষণা হয়েছে বলে জানিয়েছেন দেলদিক।
প্রাকৃতিকভাবে তৈরি গোলাপি হীরা অত্যন্ত বিরল এবং এগুলোর দাম প্রায়ই কয়েক কোটি ডলারে পৌঁছে যায়। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির তথ্য অনুযায়ী, নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গোলাপি হীরাটি ২০১৭ সালে উঠেছিল ৭ কোটি ১২ লাখ ডলারে।



