রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল চারটার দিকে অভিযানটি চালানো হয় বলে মঙ্গলবার জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা।
গ্রেপ্তার তিনজন হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশের ভাষ্য, তিনজন ওই ফ্ল্যাটে অবস্থান করে মোবাইল ফোনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় দলীয় ও ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালানোই ছিল তাঁদের উদ্দেশ্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার অভিযান চলছে।



