রাজধানীর ভাটারায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ।
সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানটি মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান শফিকুল ইসলাম।
বাড়িটির মালিক আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তবে তিনি বা তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকতেন না। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল বলে ডিবি সূত্রে জানা গেছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবি বলছে, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং মাদকের আসর বসত।
আটকদের বিরুদ্ধে কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।



