পডকাস্ট নির্মাতাদের জন্য পেইড মেম্বারশিপ চালু করেছে স্পটিফাই। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্রসহ ৩৪টি বাজারে এই সদস্যতা সেবা চালু হয়েছে। ভক্তরা এখন পডকাস্টের নিজস্ব পাত থেকেই সদস্য হতে পারবেন।
নতুন এই ব্যবস্থায় নির্মাতারা নিজেরাই ঠিক করবেন কোন সুবিধা দেবেন। বোনাস অডিও বা ভিডিও, কম বিজ্ঞাপন, নতুন পর্ব আগে শোনার সুযোগ—এসবের যেকোনো একটি বা একাধিক সুবিধা তারা বিভিন্ন ধাপে সাজাতে পারবেন।
স্পটিফাই জানিয়েছে, সদস্যতার আয়ের ৯০ শতাংশ পাবেন নির্মাতারা। একাধিক ধাপে মূল্য নির্ধারণ করে ভক্তদের জন্য আলাদা প্যাকেজও তৈরি করা যাবে। সদস্যতা কেনা হবে ওয়েবসাইটের মাধ্যমে; অ্যাপের ভেতরে কেনাকাটার সুবিধা থাকছে না।
সদস্যতা পাওয়ার জন্য পডকাস্টকে স্পটিফাই ফর ক্রিয়েটরস বা মেগাফোনে হোস্ট করতে হবে। সঙ্গে অন্তত ১০০ ঘণ্টা শ্রবণ, ১০০ জন শ্রোতা বা দর্শক এবং কমপক্ষে তিনটি প্রকাশিত পর্ব থাকতে হবে।
চালুর সময় বেশ কিছু পরিচিত শো সদস্যতা সুবিধা দিচ্ছে। এর মধ্যে আছে ‘দ্য অ্যাডাম ফ্রিডল্যান্ড শো’, ‘মেকিং সেন্স উইথ স্যাম হ্যারিস’, ‘শন রায়ান শো’, ‘দ্য স্কাল্পট সোসাইটি’, ‘টু হট টেকস’ এবং ওয়াইএমএইচ স্টুডিওর ১২টি শো।
স্পটিফাই বলছে, সদস্যদের জন্য ব্যাজ ও স্বাগত ক্লিপের সুবিধাও শিগগির চালু হবে। নির্মাতারা বিশ্লেষণ, লক্ষ্যভিত্তিক প্রচারণা ও ফ্রি ট্রায়ালের সুবিধাও পাবেন।
এই ব্যবস্থাকে প্যাট্রিওন-ধাঁচের সদস্যতা বলা হচ্ছে। ২০২১ সালে চালু করা পডকাস্ট সাবস্ক্রিপশন থেকে এটি আলাদা; নির্মাতারা বিজ্ঞাপন ও স্পটিফাই পার্টনার প্রোগ্রামের আয়ের পাশাপাশি এটি ব্যবহার করতে পারবেন।
স্পটিফাই গত মে মাসে বিনিয়োগকারী সম্মেলনে এই সেবার প্রথম ঘোষণা দেয়। ভিডিও পডকাস্টে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা বাড়ার মধ্যে নির্মাতাদের জন্য প্ল্যাটফর্মটি আরও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ বলে কোম্পানিটি জানিয়েছে।



