গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার দুর্গাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রী মাথায় গুরুতর আঘাত পান। সহপাঠীর বাড়িতে পূজার দাওয়াতে গিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রথমে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল-সংলগ্ন মাঠ থেকে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, চিকিৎসকেরা মাথায় আঘাত পাওয়া ওই ছাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তাঁকে পাঠানো হয়েছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রধানের সঙ্গে কথা বলে চিকিৎসার জন্য একটি আসনও রাখা হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট স্ট্রোকে গুরুতর অসুস্থ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এক শিক্ষার্থীকে প্রশাসনের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



