ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশ ৩৩-২০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এই জয়ে চার দলের বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা। বৃহস্পতিবার বেলা তিনটায় ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে তারা এগিয়ে ছিল ১৬-৫ গোলে। বিরতির পর মালদ্বীপ ফিরে আসার চেষ্টা করে এবং দ্বিতীয়ার্ধে ১৫ গোল করে, বাংলাদেশ করে ১৭। তবে প্রথমার্ধের বড় ব্যবধান শেষ পর্যন্ত শোধ করতে পারেনি তারা।

বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার সর্বোচ্চ আট গোল করেন এবং ম্যাচসেরা হন।

টুর্নামেন্ট শুরু করেছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হারে বাংলাদেশ। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না। স্পেনীয় কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার দল সেই চাপ সামলে ম্যাচ জিতে নেয়।

বুধবার বেলা দুটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।