রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখে তাঁর গাড়িবহর থামানো হয়।
সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাসে করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাসটি থামানো হয়। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী তাদের দেখে বাস থামান, তাদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলার সামগ্রী উপহার দেন। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন।
অধ্যক্ষ জানান, এই সময় শিক্ষার্থীরা কলেজের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা চেয়েছেন। কলেজে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনও দেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে রংপুর নগরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকায় ফেরার কথা তাঁর।



