যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের একটি স্পেসএক্স শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সোমবার (১৯ অক্টোবর) এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আগামী বছর আমি আমার একটি স্পেসএক্স শেয়ার আমেরিকার প্রতিটি শিশুকে দেব। এটি আরও অনেক কিছুর প্রথম।’
নিউ এজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সীদের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। শেয়ারপ্রতি দাম ১৪৬ থেকে ১৫০ ডলারের মধ্যে থাকলে এই উদ্যোগের মোট মূল্য দাঁড়াবে ১০ দশমিক ৫ থেকে ১১ বিলিয়ন ডলারের মতো।
প্রতিবেদন অনুযায়ী স্পেসএক্সের বাজারমূল্য এখন প্রায় ২ ট্রিলিয়ন ডলার। মাস্ক কোম্পানির সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার; তাঁর সরাসরি মালিকানায় প্রায় ৪৮০ কোটি শেয়ার রয়েছে, যা vested না হওয়া অংশ ও স্টক অপশন ধরা হলে দাঁড়ায় ৬৪০ কোটিতে। মোট লাভজনক অংশিদারিত্ব প্রায় ৪৮ দশমিক ৪ শতাংশ।
তবে শেয়ারগুলো কীভাবে শিশুদের হাতে পৌঁছাবে, কারা যোগ্য হবেন, কত বয়স পর্যন্ত এই সুবিধা মিলবে বা শেয়ার ট্রাস্টে রাখা হবে কি না—এসবের কিছুই মাস্ক জানাননি। বিস্তারিত জানতে স্পেসএক্স ও তাঁর কার্যালয়ের কাছে প্রশ্ন পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
সোমবারই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, শেয়ারগুলো ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। শিশুদের জন্য এই কর-সুবিধাপ্রাপ্ত অ্যাকাউন্টগুলো অক্টোবরে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়েছে; হোয়াইট হাউসের হিসাবে এমন অ্যাকাউন্টের সংখ্যা ৭ কোটির বেশি।
ঘোষণাটি আসে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একটি সিদ্ধান্তের এক দিন পর। অ্যানথ্রোপিক জানিয়েছিল, তারা তাদের ৫ শতাংশ শেয়ার একটি পাবলিক বেনিফিট ফান্ডে দেবে। মাস্ক তখন পরামর্শ দিয়েছিলেন, শেয়ার সরাসরি জনগণকে দেওয়া উচিত।
শেয়ার বিতরণের আইনি ও ব্যবহারিক দিক নিয়ে প্রশ্ন থাকছে। এত বিপুল সংখ্যক নাবালককে শেয়ার হস্তান্তর কীভাবে হবে, তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা এখনো ঘোষণা করা হয়নি।



