বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের প্রায় অর্ধেক, অর্থাৎ ৪৭ দশমিক ২ শতাংশ, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে করেছেন। ইউনিসেফ মঙ্গলবার (২০ অক্টোবর) এই তথ্য জানিয়ে বলেছে, বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে।
বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী এই হার। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল তিন দিনের সফর শেষে শিশুদের জন্য জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সফরে তিনি ঢাকার কোরাইল বস্তিতে পরিবারগুলোর সঙ্গে এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দেখা করেন।
রাসেল তিনটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের স্কুলে রাখা; শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ করে বিনিয়োগের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন; এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
কোরাইলে এক কিশোরীর কথা উল্লেখ করে রাসেল বলেন, ‘আমি বুশরা নামের ১৪ বছরের এক মেয়ের সঙ্গে দেখা করেছি। সে বলেছে, ইউনিসেফ-সমর্থিত একটি শিশু সুরক্ষা কেন্দ্রের কমিউনিটি নেতারা কীভাবে তার বাবাকে বুঝিয়ে অল্প বয়সে বিয়ে থেকে তাকে রক্ষা করেছেন।’
তিনি বলেন, মেয়েদের স্কুলে রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা সেবা দেওয়া হলে তাদের নিজের, তাদের কমিউনিটি ও বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রাসেল মনে করিয়ে দেন, ‘বাজেটই অগ্রাধিকার প্রকাশ করে।’
সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর সরকারের প্রতিশ্রুতিকে তিনি স্বাগত জানান এবং সেই প্রতিশ্রুতি কার্যকর করার গুরুত্বের কথা বলেন।
ইউনিসেফ বলছে, বাল্যবিবাহ মেয়েদের স্কুলছুট করে, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ায় এবং জীবনের সুযোগ সংকুচিত করে। সংস্থাটি মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে আইনের ফাঁকফোকর বন্ধ করার আহ্বান জানিয়েছে।



