জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় অভিযান চালিয়ে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অধিদপ্তরের ৩৬টি দল পাইকারি ও খুচরা বাজার, ফলের আড়ত, ভোজ্যতেলের দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং এলপিজি সিলিন্ডার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অপরিপক্ব কলা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানোর দায়ে ‘হালিমের কলার আড়ত’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই কলা জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
রাজধানীর কারওয়ান বাজারে ডাব ও কলার আড়তে অভিযান চালানো হয়। কলা পাকানোর রাসায়নিক সংরক্ষণের দায়ে একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমনটি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন।
কারওয়ান বাজার ও কৃষি মার্কেটে খোলা ভোজ্যতেলের বাজারে অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে তেল রাখা এবং প্রয়োজনীয় লেবেল না থাকার ঘটনা পাওয়া যায়। এতে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সততা স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইউরিয়া-ফরমালডিহাইডের ড্রামে রাখা প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল জনসম্মুখে ধ্বংস করা হয়। হেলাল জেনারেল স্টোরকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
রাজধানীর সাদেক খান কৃষি মার্কেট এবং কলেজ গেট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের ডাবের দোকানেও অভিযান চালানো হয়। ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করা, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করাসহ নানা অনিয়মে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশব্যাপী এই তদারকিতে পণ্যের অতিরিক্ত দাম আদায়, হালনাগাদ মূল্যতালিকা না দেখানো, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের ফল ও খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করা, সঠিক ওজন নিশ্চিত করা এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা, মূল্যতালিকা ও সর্বোচ্চ খুচরা মূল্য যাচাই, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখা এবং ওজন মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে ১৬১২১ নম্বরে অভিযোগ করার কথা বলা হয়েছে।



