ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা দাবি করেছে, তারা সৌদি আরবের জ্বালানি, বিমান ও সামরিক স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে লোহিত সাগর উপকূলের ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা বিমানবন্দর।
সোমবার (১৯ অক্টোবর) রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও পাকিস্তানের ডন এই দাবির কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি এবং রয়টার্সও দাবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিলেন। ওই হামলার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
সোমবার রিয়াদের বাসিন্দাদের মোবাইলে ‘শত্রুপক্ষের আকাশ হুমকি’ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে। ওই দিন সৌদি সরকারি দপ্তরগুলোতে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
ফ্লাইট-বিশ্লেষণ সংস্থা সিরিয়ামের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবরের পর সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে ৪৫ শতাংশের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হুতি হামলার জেরে সৌদি আরবের ওপর দিয়ে চলাচলকারী ফ্লাইটও ব্যাহত হচ্ছে।
হুতিরা গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে দেশটির তেল ও বিমান স্থাপনায় হামলা চালিয়ে আসছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।



