বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধেই ২৪-৮ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
ভারতের খেলোয়াড় ভাওয়ানা একাই ১৩ গোল করেন এবং ম্যাচসেরা হন। টানা দুই জয়ে ফাইনালে উঠেছে ভারত। তাদের প্রথম ম্যাচে হারিয়েছিল মালদ্বীপকে।
বাংলাদেশ অবশ্য হারের পরও ফাইনালে ওঠার সুযোগ হারায়নি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে আনা আলোনসোর দল। ভারত মঙ্গলবার দুপুর দুইটায় নেপালের মুখোমুখি হবে।
উদ্বোধনী ম্যাচে রোববার নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় হারের পর কোচ আনা আলোনসো বলেছেন, দুই দলের শারীরিক সক্ষমতা ও হ্যান্ডবলের দক্ষতায় বড় পার্থক্য আছে। এই ঘাটতি কয়েক মাসের অনুশীলনে পূরণ হবে না, খেলোয়াড়দের সারা বছর ফিট থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের গোলকিপার সুমাইয়া আক্তারের মতে, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার অভাবই বড় সমস্যা। ২০১৯ সালের এসএ গেমসের পর সিনিয়র পর্যায়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত খেলার সুযোগ পাননি বাংলাদেশের খেলোয়াড়রা। বেশি ম্যাচ খেললে ভারতের মতো দলের সঙ্গে ব্যবধান কমানো সম্ভব বলে তিনি মনে করেন।
চার দেশ—বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ—নিয়ে গড়া এই আসর চলবে ২২ অক্টোবর পর্যন্ত। ২৬ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নারীদের এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা।



