বাংলাদেশে চারটি প্রকল্পে মোট ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। কানাডার হাইকমিশন ঢাকার বরাতে বাংলাদেশি সংবাদমাধ্যম জানায়, রোববার (১৮ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক রাষ্ট্রমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় এ ঘোষণা আসে। গত ১১ থেকে ১৪ অক্টোবর তিনি ঢাকা সফর করেন। এরই মধ্যে গত ১২ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যে চারটি প্রকল্পে এই অনুদান দেওয়া হবে সেগুলো হলো—বায়োএন্টারপ্রাইজ কানাডাকে কৃষি উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার জন্য ১ কোটি ৮০ লাখ ডলার, কাউয়েটার ইন্টারন্যাশনালকে নিয়মনীতি সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার জন্য ১ কোটি ৮০ লাখ ডলার, বিশ্বব্যাংককে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য ৫০ লাখ ডলার এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে (আইএফসি) অর্থায়ন প্রসার ও বেসরকারি খাতের সহায়তায় ৪০ লাখ ডলার।
সফরের সময় রণদীপ সারাই ব্র্যাক সেন্টার ও আইসিডিডিআর,বি পরিদর্শন করেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা নিয়েও আলোচনা হয়। ২০১৮ সাল থেকে রোহিঙ্গাদের জন্য কানাডা ৬০ কোটির বেশি কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া তিনি গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।



