রাজধানীর মোহাম্মদপুরে মসজিদের সামনে রাখা একটি মোটরসাইকেলের লক কয়েক সেকেন্ডে ভেঙে চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, গত ২ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে বাইতুর রহমান মসজিদের সামনে একজন মোটরসাইকেল রেখে আসরের নামাজ পড়তে ভেতরে যান। এই সুযোগে চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বাইকের লক ভেঙে গাড়িটি নিয়ে পালায়।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, ভাইরাল ভিডিওটি ডিবির নজরে আসার পর ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। অভিযানে ৯টি চোরাই মোটরসাইকেল, লক ভাঙার বিশেষ কৌশলে তৈরি দুটি লোহার চাবি এবং চুরিতে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ছয়জন হলেন রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল, মো. আমির ফয়সাল ওরফে রাব্বি, ফয়সাল, সৌরভ, জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পু এবং মোজাম্মেল হক ওরফে মাসুম। সবুজবাগের নন্দীপাড়া ও মাদারটেক, যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট, কুমিল্লার লাকসাম এবং নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ও রাব্বি স্বীকার করেছেন, তাঁরা ঢাকার ব্যস্ত স্থান ও মসজিদের সামনে রাখা মোটরসাইকেল একই কৌশলে চুরি করে কুমিল্লা ও নোয়াখালীতে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠাতেন। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে চুরির ১৫টি এবং রাব্বির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



