ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফ অক্ষত আছেন। গতকাল রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর গাড়িতে দুর্বৃত্তরা গুলি চালায়। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চালক ও এক পথচারী।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে দ্য ডন জানায়, সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থল থেকে বেরোনোর সময় এ ঘটনা ঘটে। মুম্বাই জোন-টু-এর উপপুলিশ কমিশনার মোহিত গর্গ বলেন, চালক ফিরদাউসের বাঁ হাতে গুলি লাগে এবং ‘চৌহান’ নামের এক পথচারীও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভরতীকে ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, মুম্বাইয়ের নাগরিকদের নিরাপত্তা তাঁদের অগ্রাধিকার এবং চলচ্চিত্র শিল্পকে হুমকি দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি ১৯৯০-এর দশকে শহরে গ্যাং যুদ্ধের সময়ের কথা স্মরণ করান।
অল ইন্ডিয়ান সিন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলে, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সংগঠনটি সালমান খানের বাসভবনের বাইরে গুলি, সাইফ আলি খানের ওপর ছুরি হামলা, পরিচালক রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে গুলি এবং কপিল শর্মার ক্যাফেতে হামলার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে। তারা দ্রুত হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে হামলার দায় স্বীকার করা হয়েছে; পোস্টটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এখনো ওই দাবির সত্যতা যাচাই হয়নি এবং পুলিশ পোস্টটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।



