পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ—চার দেশের এই আসর চলবে ১৮ থেকে ২২ অক্টোবর। ২৬ বছর পর ঢাকায় বসছে মেয়েদের হ্যান্ডবলের এই আন্তর্জাতিক আসর।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য রাখে স্বাগতিকরা। প্রথমার্ধে ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখিয়ে ১৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাত গোল করেন আলপনা আক্তার, তিনিই হন ম্যাচসেরা। ছয়টি করে গোল আসে মিষ্টি খাতুন ও শ্যামলী মিংয়ের পা থেকে।

অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচ, সায়মা জান্নাত সীমা চার, মাসুদা আক্তার দুটি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন।

ম্যাচের প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের সাকিবা জান্নাতকে। একজন খেলোয়াড় কম নিয়েও আত্মবিশ্বাস ধরে রেখে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

স্প্যানিশ কোচ আলোনসোর অধীনে এটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই জয়ে ২০১৯ এসএ গেমসে নেপালের কাছে হারের প্রতিশোধও নিল বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ সোমবার, প্রতিপক্ষ ভারত।